দক্ষিণাঞ্চলের লবণাক্ত পতিত জমিতে সূর্যমুখীর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিনিধি | Bnc News

উপকূলীয় জনপদ বাগেরহাটের মোরেলগঞ্জে লবণাক্ত পতিত জমিতে সূর্যমুখী চাষ করে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে কৃষকরা। সুন্দরবনের কোলঘেঁষা এই অঞ্চলে একসময় অনাবাদি পড়ে থাকা জমিতে এখন হলুদ ফুলের সমারোহ, যা কৃষকের অর্থনৈতিক স্বচ্ছলতায় ইতিবাচক প্রভাব ফেলছে। স্বল্প খরচে অল্প সময়ে ভালো ফলন পাওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ফসলের চাষ হচ্ছে। সবুজ গাছের ফাঁকে ফুটে থাকা সূর্যমুখী ফুল এখন স্থানীয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু। Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, প্রতি বিঘা জমিতে গড়ে ৮ মন পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এতে করে কৃষকরা লাভের আশায় আরও বেশি জমিতে চাষের পরিকল্পনা করছেন।

সরেজমিনে জানা যায়, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ভাইজোড়া, কাঠালতলা ও বিশারীঘাটা গ্রামে শতাধিক কৃষক আমন ধান কাটার পর প্রায় ২০ হেক্টর পতিত জমিতে সূর্যমুখী চাষ করেছেন। রোপণের প্রায় ১০০ দিনের মধ্যেই ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন।

ভাইজোড়া গ্রামের কৃষক মোয়াজ্জেল হোসেন Bnc News কে জানান, তিনি এক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে ভালো ফলনের আশা করছেন। তার ব্যয় হয়েছে প্রায় ৬ হাজার টাকা এবং ফলন হতে পারে ৮ থেকে ৯ মন। বর্তমান বাজারদরে তিনি প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন।

একই এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ ফলন হয়েছে। তিনি ৪ বিঘা জমিতে চাষ করে প্রতি বিঘায় প্রায় ৬ মন ফলন পাওয়ার আশা করছেন। তিনি Bnc News-কে বলেন, সূর্যমুখী তেল স্বাস্থ্যসম্মত হওয়ায় এর চাহিদাও বেশি, যা তাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আধুনিক প্রশিক্ষণ ও প্রণোদনার ফলে কৃষকরা নতুন ফসলের দিকে ঝুঁকছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর উপজেলায় প্রায় ১১০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। ভালো ফলন ও বাজারদর থাকায় আগামীতে এ চাষ আরও বাড়বে। তিনি আরও বলেন, সূর্যমুখী তেলের পুষ্টিগুণ বেশি হওয়ায় এটি দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×